সাতক্ষীরার কলারোয়া উপজেলায় একই পরিবারের চারজনকে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় মামলা দায়ের হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে কলারোয়া থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলাটি করেন নিহত শাহিনুর রহমানের শাশুড়ি ময়না খাতুন।

কলারোয়া থানার ওসি হারান পাল মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে মামলাটি রেকর্ড করার পরপরই তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরের দিকে কলারোয়া উপজেলায় একই পরিবারের চারজনকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। নিহতরা হলেন, শাহিনুর রহমান (৪০), তার স্ত্রী সাবিনা খাতুন (৩৫), ছেলে সিয়াম হোসেন (১০) ও মেয়ে তাসলিমা (৮)। কলারোয়া উপজেলার হেলাতলা ইউনিয়নের খলিশাগ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহিনুর রহমানের ছোট ভাই রায়হানুল ইসলাম গতকাল গণমাধ্যমকে জানান, বাড়িটিতে তার মা ও বড় ভাইয়ের পরিবারের চারজনসহ তারা সাতজন থাকতেন। তার মা গতকাল এক আত্মীয়ের বাড়িতে ছিলেন। রায়হানুল ছিলেন পাশের ঘরে। ভোরে পাশের ঘর থেকে গোঙানির শব্দ শুনে গিয়ে দেখেন, ঘরের বাইরে থেকে দরজা আটকানো। দরজা খুলে দেখতে পান রক্তাক্ত অবস্থায় সবাই পড়ে রয়েছে। 

রায়হানুল ইসলাম বলেন, তাদের সঙ্গে জমিজমা নিয়ে পাশের কয়েকজনের বিরোধ ছিল। কিন্তু এই হত্যাকাণ্ডে কারা জড়িত তা তিনি ঠিক বুঝে উঠতে পারছেন না।