আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের প্রচারণার জন্য আগামী ২২ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে মাঠে নামছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঐতিহ্য মেনে দলটির প্রধান সিলেট থেকেই ভোটের প্রচার শুরু করে আসছেন। তারেক রহমানও সেখান থেকে প্রচার শুরু করবেন বলে জানা গেছে।

সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরাণের (রহ.) মাজার জিয়ারতের মধ্য দিয়ে তারেক রহমানের নির্বাচনী প্রচারণা কর্মসূচির সূচনা হবে দলীয় সূত্রে জানা গেছে।

দীর্ঘ ১৭ বছর যুক্তরাজ্যে নির্বাসিত জীবন কাটিয়ে গত ২৫ ডিসেম্বর সপরিবারে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার কয়েক দিনের মধ্যেই গত ৩০ ডিসেম্বর তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যু হয়। ওই ঘটনার ১০ দিন পর শুক্রবার রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে তাকে দলের চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমান বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসন থেকে প্রার্থী হয়েছেন।

ভোটের প্রচার শুরুর বিষয়ে গতকাল ঢাকার একটি হোটেলে সংবাদমাধ্যমের সম্পাদকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তারেক রহমান বলেন, ‘সামনে নির্বাচন। আমি একটি রাজনৈতিক দলের সদস্য। স্বাভাবিকভাবেই আমরা ২২ তারিখ থেকে আমাদের সব রকম পরিকল্পনা নিয়ে জনগণের সামনে যাব।’