ফ্যাসিস্ট শেখ হাসিনার কারণে পার্শ্ববর্তী দেশ ভারত অস্থির হয়ে গিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর মধ্যবাড্ডায় ‘আমরা বিএনপি পরিবার’ এর উদ্যোগে বাড্ডা, রামপুরা, বনশ্রীতে শহীদ পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘বাংলাদেশের বিরুদ্ধে তারা (ভারত) ক্রমাগতভাবে অপপ্রচার, মিথ্যাচার, অপ-তথ্য দিয়ে কলঙ্ক লেপন করে যাচ্ছে, পৃথিবীর অন্য কোনো দেশ এটা করছে না। তারা শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে অস্থির হয়ে পড়েছে।’
রিজভী বলেন, ‘ওই নরপিচাশ নারীকে কার সঙ্গে তুলনা করবো? আমরা ফেরাউনের কথা বলি, নমরুদের কথা বলি। এই নরপিশাচ যেন নমরুদ-ফেরাউনের আত্মা নিয়ে লেডি ফেরাউন হয়ে নিজ দেশের শিশু সন্তানদের রক্ত পান করতে দ্বিধা করেননি। আজকে শেখ হাসিনার জন্য কেউ কেউ মায়া কান্না করছে, কেউ কুমিরের কান্না করছে, যে দেশে তিনি আশ্রয় নিয়েছেন সেই দেশ যেন কোনোভাবেই স্থির হতে পারছে না।’
তিনি আরো বলেন, ‘৫ আগস্টের পরিবর্তনের পরে এদেশের সাহসী জনতা আর তাদের তারুণ্যের যে উচ্ছ্বাস তাদের যে আত্মদান এটা গৌরবান্বিত হয়েছে পৃথিবীর আটলান্টিকের ওইপার থেকে প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, আরব সাগর প্রত্যেকটি জায়গায়।’
অন্তর্বর্তীকালীন সরকারের উদ্দেশে রিজভী বলেন, ‘অবিলম্বে অবাধ এবং সুষ্ঠ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। শেখ হাসিনা দিনের ভোট রাতে করেছেন। মিডনাইট নির্বাচন করেছেন; ভোটার শূন্য নির্বাচন করেছেন; সেটির যাতে পুনরাবৃত্তি না হয় সেই দিকে লক্ষ্য রেখেই সামনের দিনে যা কিছু করার দরকার সেইটা আপনাদের অন্তর্বর্তীকালীন সরকারকে করতে হবে।’
আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে ও সদস্যসচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির ক্ষুদ্রঋণবিষয়ক সম্পাদক এম এ কাইয়ুম, সহ-অর্থনৈতিকবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন এবং বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন বকুল।










