জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার নামাজে জানাজা শেষে গতকাল সন্ধ্যায় সাঘাটা উপজেলার মরহুমের গটিয়া গ্রামের পারিবারিক কবরস্থানে স্ত্রীর পাশে তাকে সমাহিত করা হয়।
ফজলে রাব্বী মিয়ার মরদেহ গতকাল সকাল ৮টা ৪০ মিনিটে নিউইয়র্ক থেকে ঢাকায় আনা হয়। তার মরদেহ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আনা হয়। সেখানে জানাজা শেষে বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদনের শুরুতে ঢাকা জেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় সম্মাননা ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। এরপর রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে তার কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
স্পিকারের শ্রদ্ধা নিবেদন শেষে জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এমপির পক্ষে হুইপ ইকবালুর রহিম এমপি ও হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি এবং সংসদ সচিবালয়ের পক্ষে সচিব কেএম আব্দুস সালামের নেতৃত্বে কর্মকর্তা-কর্মচারীরা কফিনে শ্রদ্ধা নিবেদন করেন।
জানাজায় অংশ নেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, মত্স্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাকসহ মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
গতকাল বেলা ২টায় ফজলে রাব্বী মিয়ার মরদেহ সশস্ত্র বাহিনীর হেলিকপ্টারে গাইবান্ধার সাঘাটা উপজেলার হেলেঞ্চা মাঠে নিয়ে আসা হয়। ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এরপর গটিয়া গ্রামে আসর নামাজের আগে দ্বিতীয় ও বাদ আসর তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
যুক্তরাষ্ট্রের মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২৩ জুলাই রাত ২টায় তিনি ইন্তেকাল করেন।









