নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বারদিতে লোকনাথ ব্রহ্মচারী আশ্রমের প্রধান ফটকের সামনে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে সোনারগাঁ উপজেলা প্রশাসন। গতকাল বিকালে এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। আগামী শুক্রবার থেকে হিন্দু ধর্মাবলম্বী আধ্যাত্মিক গুরু লোকনাথ ব্রহ্মচারীর ১৩২তম তিরোধান উৎসব উপলক্ষে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী। এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইব্রাহিম মিয়া, সোনারগাঁ থানার ওসি মোহাম্মদ হাফিজুর রহমান, বারদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লায়ন মাহবুবুর রহমান বাবুল, বারদি ইউনিয়ন ভূমি কর্মকর্তা হাবিবুর রহমানসহ বিপুল পরিমাণ পুলিশ।
এলাকাবাসীর দাবি, দীর্ঘদিন ধরে একটি চক্র বারদি আশ্রমের সামনে দোকান ঘর নির্মাণ করে অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছে। এ দোকান ঘর নির্মাণকে কেন্দ্র করে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে অর্ধশতাধিক আহত ও একজন নিহত হয়। এছাড়া আশ্রমে আসা পুণ্যার্থীদের চলাচলে বিঘ্ন ঘটে। এ বিষয়গুলো বিবেচনা করে গত মঙ্গলবার তিরোধান উৎসব উপলক্ষে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী এ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ এলাহী জানান, লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে আসা ভক্তদের চলাচল নির্বিঘ্ন করতে অবৈধভাবে গড়ে ওঠা শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়।










