নতুন বাড়ি দেখতে যাওয়াই কাল হলো দুই ভাই-বোনের। বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তাদের। গতকাল বেলা ১১টার দিকে যশোরের বাঘারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের ভদ্রডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত শিশুরা হলো যশোর জিলা স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্র আবু হোসাইন আকাশ (১২) ও তার বোন জান্নাতুল সামিরা (৫)। তাদের বাবা মো. কবীর হোসেন যশোর ক্যান্টনমেন্টের সৈনিক।
বাঘারপাড়া থানার ওসি ফিরোজ উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কবীর হোসেন পরিবার নিয়ে যশোর শহরের রায়পাড়া তেঁতুলতলায় বসবাস করেন। বাঘারপাড়ার ভদ্রডাঙ্গা গ্রামে তার বাড়ি। সেখানে একতলা একটি বাড়ি তৈরি করেছেন তিনি। পরিবারের সবাই তা দেখতে যান গতকাল। বাড়ির ছাদে উঠে খেলা করছিল দুই ভাই-বোন। এ সময় বাড়ির নিচতলায় করা একটি দোকানের সাইনবোর্ডের ওপরের অংশে হাত লেগে আকাশ বিদ্যুতায়িত হয়। সামিরা ভাইয়ের গায়ে হাত দিলে সেও বিদ্যুতায়িত হয়। ঘটনাস্থলেই তারা লুটিয়ে পড়ে। স্থানীয়রা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।










