ব্রাহ্মণবাড়িয়ায় গলায় রশি প্যাঁচানো অবস্থায় বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মুস্তাব আলীর (৫৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরার এলাকায় ২ নং গ্যাস ফিল্ডস কোয়ার্টারের বাসার বাথরুম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তিনি নাটোর সদর উপজেলার পাইকপাড়ার মৃত মজির উদ্দিনের ছেলে। তিনি স্ত্রী ও সন্তান নিয়ে গ্যাস ফিল্ডের কোয়ার্টারে থাকতেন। ২০১৮ সালের নভেম্বরে তিনি এ প্রতিষ্ঠানের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন।
গাড়িচালক ও পরিবার সূত্র জানায়, গতকাল সকাল ৮টায় অধ্যক্ষ মুস্তাব তার গাড়ির চালককে বাসায় আসতে বলেন। এরপর তিনি শৌচাগারে গিয়ে আর বেরিয়ে আসেননি। পরে পরিবারের লোকজনের সন্দেহ হলে তারা শৌচাগারের দরজা ভেঙে শাওয়ারের পাইপের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান।
অধ্যক্ষ মুস্তাব আলীর ছোট ভাই স্কুলশিক্ষক সাজ্জাদ হোসেন বলেন, ‘আমার ভাই আত্মহত্যা করার মতো মানুষ ছিলেন না। তার মৃত্যুর রহস্য উদ্ঘাটন করার জন্য পুলিশকে অনুরোধ করছি। আমার ভাইকে আত্মহত্যার প্ররোচনা দেয়া হতে পারে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আমি ঘটনার বিচার চাই।’
ঘটনার তদন্তকারী কর্মকর্তা ব্রাহ্মণবাড়িয়া সদর থানার এসআই মো. সাফায়েত বলেন, ‘বিষয়টি আরো খতিয়ে দেখা হচ্ছে।’










