পর্যটন শহর কক্সবাজারে কয়েক দিন ধরেই তাপমাত্রা ১১-১৩ ডিগ্রির মধ্যে ঘুরপাক খাচ্ছে। কনকনে শীতে জ্বর, সর্দি, কাশি, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে শিশুরা। এতে ২৫০ শয্যার কক্সবাজার সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে চাপ বেড়েছে। ৪০ শয্যার শিশু মেডিসিন ওয়ার্ডে তিন-পাঁচ গুণ বেশি রোগী রয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এছাড়া সংক্রামক ব্যাধি ওয়ার্ডে এক শয্যায় চারজন করে চিকিৎসা নিচ্ছে। ২০ শয্যার ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছে ৫৬ জন।

হাসপাতালের শিশু ওয়ার্ডে খুরুশকুল থেকে চিকিৎসা নিতে আসা আয়ানের মা মমতাজ বেগম জানান, গত তিনদিন নিউমোনিয়ার সমস্যায় আয়ানকে নিয়ে হাসপাতালে আছেন তিনি। এখন একটু ভালোর দিকে। তবে এখানে সিট পাওয়া যাচ্ছে না।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আশিকুর রহমান বলেন, ‘ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে অনেক শিশু হাসপাতালে আসছে। আমরা তাদের সাধ্যমতো সেবা দেয়ার চেষ্টা করছি।’