কক্সবাজারে আধিপত্য বিস্তারের জের ধরে রোহিঙ্গাদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলিতে মো. ইব্রাহীম (৩০) নামে একজন নিহত হয়েছেন। গতকাল রোববার সন্ধ্যায় টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী শিবির সংলগ্ন পাহাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
নিহত ইব্রাহিম ওই রোহিঙ্গা শিবিরের সি-ব্লকের বাসিন্দা আব্দুর রাজ্জাকের ছেলে।
রোহিঙ্গা শিবিরের নিরাপত্তায় নিয়োজিত ১৬ এপিবিএনের অধিনায়ক হাসান বারী নুর জানান, রোববার সন্ধ্যায় হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রোহিঙ্গা শিবির সংলগ্ন পাহাড়ি এলাকায় রোহিঙ্গাদের দুই গ্রুপের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। আমরা খবর পেয়েছি আধিপত্য বিস্তারের জের ধরে এ ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, গুলিবিদ্ধ ইব্রাহিমকে উদ্ধার করে প্রথমে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কিন্তু অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখান থেকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে পৌঁছার আগেই তিনি মারা যান। মরদেহ ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতারের মর্গে রাখা হয়েছে।










