ভারত ও বাংলাদেশ সফরে আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলারের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

ডোনাল্ড লু আগামী ১০ থেকে ১৬ সেপ্টেম্বরের মধ্যে ভারত ও বাংলাদেশ সফর করবেন। এ সফরে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লু ভারত ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অংশীদারদের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং স্থিতিশীলতার প্রসারে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করবেন।

অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লু ভারতের নয়াদিল্লি সফরে যাবেন, যেখানে তিনি ইউএস-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল আয়োজিত ইন্ডিয়া আইডিয়াস সামিটে উন্নয়ন, নিরাপত্তা এবং নারীদের অর্থনৈতিক নিরাপত্তার প্রচারে যুক্তরাষ্ট্র-ভারত সহযোগিতার কথা তুলে ধরবেন। তিনি যুক্তরাষ্ট্রের ভারত-প্রশান্ত মহাসাগরীয় নিরাপত্তাবিষয়ক মুখ্য ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেডিদিয়া পি. রয়েল এবং ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠেয় অষ্টম যুক্তরাষ্ট্র-ভারত টু প্লাস টু আন্তঃঅধিবেশন সংলাপে যৌথভাবে সভাপতিত্ব করবেন। সংলাপটি প্রতিরক্ষা সহযোগিতাসহ যুক্তরাষ্ট্র-ভারত দ্বিপাক্ষিক অংশীদারত্ব বাড়ানোর সুযোগ চিহ্নিত করবে এবং ইন্দো-প্যাসিফিক ও তার বাইরে যুক্তরাষ্ট্র-ভারত সহযোগিতা প্রসারিত করবে।

বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের সঙ্গে বৈঠকের জন্য অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লু একটি আন্তঃসংস্থা প্রতিনিধি দলে যোগ দেবেন। প্রতিনিধি দলে মার্কিন ট্রেজারি বিভাগ, ইউএসএআইডি ও মার্কিন বাণিজ্য প্রতিনিধি অফিসের প্রতিনিধিরা থাকবেন। যুক্তরাষ্ট্র কীভাবে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, আর্থিক স্থিতিশীলতা এবং উন্নয়নের প্রয়োজনে সহায়তা করতে পারে তা নিয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের কর্মকর্তারা আলোচনা করবেন।