পূর্ব শত্রুতার জের ধরে ধরে খুলনার রূপসায় বন্ধুর ছুরিকাঘাতে সুমন শেখ (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। শনিবার দিনগত রাত পৌনে ৮টার দিকে নৈহাটী মোড়ে এ ঘটনা ঘটে।

রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের মৃতদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। অপরাধীদের ধরতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে। ইতোমধ্যে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে ডেকে থানায় আনা হয়েছে।

তিনি জানান, নিহত সুমন নৈহাটী গ্রামের দক্ষিণাড়ার (হোগলডাঙ্গা) আবজাল হোসেন শেখের ছেলে।

পুলিশ জানায়, একমাস আগের একটি বিরোধকে কেন্দ্র করে সুমন ও একই গ্রামের আবুল বাশার ঢালির ছেলে মাহমুদুল ঢালির (২২) বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। ওই ঘটনার জের ধরে শনিবার দিনগত রাতে নৈহাটী মোড়ের বসিরের চায়ের দোকানের সামনে তারা একত্রিত হলে আবারও বিবাদ হয়। এক পর্যায়ে মাহমুদুল উত্তেজিত হয়ে সুমনের পেটে ছুরিকাঘাত করে। এতে সুমন মারাত্মক জখম হয়। 

স্থানীয় লোকজন রক্তাক্ত জখম অবস্থায় সুমনকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার খবর পেয়ে খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) এস এম রাজু আহমেদসহ থানার অন্যান্য অফিসার এবং ডিএসবি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। একই সাথে জড়িতকে গ্রেফতারে অভিযান শুরু করে।