মিনতি খাতুন (১০) নামের এক শিশু গৃহকর্মীকে অমানবিক নির্যাতনের অভিযোগে সিরাজগঞ্জ সরকারি কলেজের এক শিক্ষিকাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত শিক্ষিকা শিউলি মল্লিকা সিরাজগঞ্জ সরকারি কলেজের দর্শন বিভাগের লেকচারার ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব ২৫০ শয্যা হাসপাতালের চিকিৎসক ডা. নুরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী।

গত শনিবার রাতে শহরের ফজলখান রোড এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গতকাল দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। এ বিষয়ে শিশু নির্যাতনের মামলা করেছেন নির্যাতিত শিশুর অভিভাবক।

গতকাল দুপুরে খবরটি নিশ্চিত করে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহা উদ্দিন ফারুকী জানান, ৭ জানুয়ারি গৃহকর্মী মিনতি খাতুন হারিয়ে গেছে মর্মে থানায় একটি সাধারণ ডায়েরি করেন শিউলি মল্লিকা। এরপর ৯ জানুয়ারি সন্ধ্যায় মিনতিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। এ সময় মিনতির শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন ছিল।

খবর পেয়ে মিনতির অভিভাবক খালু আবুল কাশেম বাদী হয়ে থানায় মামলা করেন। এরপর পুলিশ দ্রুতই শিক্ষিকা শিউলি মল্লিকাকে গ্রেফতার করে গতকাল আদালতে পাঠায়।

জিজ্ঞাসাবাদে মিনতি জানায়, প্রতিদিন শিউলি মল্লিকা তাকে নির্যাতন করতেন। এক পর্যায়ে ৭ জানুয়ারি শিউলির নির্যাতন সইতে না পেরে সে বাসা থেকে বের হয়ে যায়। জাহানারা নামে এক নারী তাকে উদ্ধার করে খাবার ও প্রাথমিক চিকিৎসা দেন। পরে পুলিশকে খবর দিয়ে মিনতিকে পুলিশের কাছে বুঝে দেন তিনি।