সিলেট শহরতলির খাদিম নগরের সাহেবের বাজারের বাজারতল গ্রামে দুই পক্ষের সংঘর্ষে মো. নিজাম উদ্দিন নামে এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ১৫/২০ জন। গতকাল ভোরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত নিজাম ওই এলাকার মৃত বশির উদ্দিনের ছেলে। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দুই একর জমি নিয়ে পল্লী চিকিৎসক নিজাম উদ্দিন ও একই এলাকার নয়ন মিয়ার মধ্যে বিরোধ চলছিল। বিষয়টি মীমাংসার জন্য এলাকায় সালিশের আয়োজন করা হয়। সালিশ থেকে দুই পক্ষকেই ওই জমি চাষাবাদে বিরত রাখা হয়। সালিশকারীরা নিজেদের মানুষ দিয়ে বিরোধপূর্ণ জমি চাষাবাদের ব্যবস্থা করেন।

সিদ্ধান্ত হয় যে পক্ষ সালিশে জমির মালিকানা পাবে তারা ফসল নেবে। এ পরিস্থিতিতে গতকাল সেহরির পরে অর্ধশতাধিক লোক নিয়ে নয়ন মিয়ার পক্ষের লকজন বিরোধপূর্ণ জমির ধান কাটতে যান। খবর পেয়ে নিজাম উদ্দিন ও তার ভাই আকরাম উদ্দিন ঘটনাস্থলে পৌঁছলে উপয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নিহত হন মো. নিজাম উদ্দিন।

এয়ারপোর্ট থানার ওসি খান মুহাম্মদ মাঈনুল জাকির জানান, বিরোধপূর্ণ জমি থেকে ধান কাটাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় পুলিশ চারজনকে গ্রেফতার করেছে। অন্য আসামিদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।