ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সারুটিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন তিনজন। এ সময় একটি মোটরসাইকেল ভাংচুর ও দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়। সোমবার বিকালে সারুটিয়া ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকালে সারুটিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা কাতলাগাড়ী বাজারে নির্বাচনী প্রচারণা চালাচ্ছিলেন। এ সময় অপর চেয়ারম্যান প্রার্থী জুলফিকার কাইসার টিপুর দলীয় কার্যালয়ের সামনে উভয় পক্ষের সমর্থকদের বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আহত হন তিনজন। এ সময় একটি মোটরসাইকেল ভাংচুর ও দুটি মোটরসাইকেলে অগ্নিসংযোগ করা হয়।

নৌকারপ্রার্থী মাহমুদুল হাসান মামুন বলেন, আমরা মনোনয়ন ফরম নিয়ে ঝিনাইদহ থেকে বিকালে নিজ ইউনিয়নের কাতলাগাড়ী বাজারে পৌঁছলে প্রতিপক্ষ জুলফিকার কাইসার টিপুর লোকজন আমাদের ওপর হামলা চালায়।

স্বতন্ত্র প্রার্থী জুলফিকার কাইসার টিপু বলেন, তারা মোটরসাইকেল বহর নিয়ে আমার অফিসের সামনে এসে গালাগাল শুরু করে। তাদের এই উসকানিমূলক কার্যক্রমের জন্য সংঘর্ষের ঘটনা ঘটেছে।