লক্ষ্মীপুরে নিখোঁজের ১২ ঘণ্টা পর একটি পরিত্যক্ত স্থান থেকে জিহাদ (৫) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুর বুকে ও গলায় আঘাতের চিহ্ন রয়েছে। গতকাল সকাল ৬টার দিকে শাকচর ইউনিয়নের (১নং ওয়ার্ড) কাচারি বাড়ি এলাকার একটি পরিত্যক্ত বাউন্ডারি ওয়ালের ভেতর থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
এর আগে শিশু জিহাদ বৃহস্পতিবার বিকালে বাড়ি থেকে খেলতে গিয়ে নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে জিহাদের সন্ধান চেয়ে মাইকিংও করা হয়েছে। নিহত জিহাদ শাকচর গ্রামের নুরুল হুদা চৌধুরী বাড়ির জিয়া উদ্দিনের ছেলে।
পরিবার ও স্বজনরা জানান, শিশু জিহাদ বৃহস্পতিবার বিকালে বাড়ি থেকে একটি রিকশার টায়ার হাতে নিয়ে খেলতে বের হয়। সন্ধ্যার পর বাড়ি না ফেরায় বিভিন্ন স্থানে খোঁজখবর নিয়েও তার সন্ধান পায়নি পরিবারের লোকজন। পরে রাতে জিহাদের সন্ধান চেয়ে মাইকিং করা হয়। গতকাল সকালে এক নারী পরিত্যক্ত ওই বাউন্ডারি ওয়ালের পাশ দিয়ে যাওয়ার সময় জিহাদের মরদেহ দেখে পরিবারকে খবর দেয়। পরিবারের পক্ষ থেকে পুলিশকে জানানো হলে পুলিশ গিয়ে তার মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। স্বজনদের দাবি দুষ্কৃতকারীরা জিহাদকে হত্যা করে ফেলে যায়।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর কারণ।









