ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের কোনোভাবেই আসন্ন নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেয়া হবে না বলে কঠোর অবস্থান ঘোষণা করেছে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)। দলটির দাবি, নির্বাচন কমিশনে প্রকাশ্যেই পেশিশক্তির প্রদর্শনী চলছে, যা গণতন্ত্রের জন্য মারাত্মক হুমকি।

গতকাল সন্ধ্যায় রাজধানীতে এনসিপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব বলেন দলটির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ বলেন, ‘নির্বাচন কমিশনে এখন পেশিশক্তির প্রদর্শনী চলছে। শুনানিতে অংশ নিতে একেকজন শত শত লোক নিয়ে হাজির হচ্ছে। কেউ কেউ আইনজীবীদের মহড়াও দিচ্ছে। এটি কোনোভাবেই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নয়।’

বিএনপিকে ইঙ্গিত করে আসিফ বলেন, ‘একদিকে নিজেদের গণতন্ত্রের ধারক ও বাহক হিসেবে দাবি করা হচ্ছে, অন্যদিকে তাদের সমর্থিত প্রার্থীরাই সরাসরি গণতন্ত্রবিরোধী কার্যক্রমে জড়াচ্ছে।’

দ্বৈত নাগরিকত্ব প্রসঙ্গে এনসিপি নেতা আরো বলেন, ‘যারা একসময় এ দেশের সম্পদ লুট করে বিদেশে পাড়ি দিয়েছে, বিদেশে সম্পদের পাহাড় গড়েছে—তারাই এখন আবার দেশে ফিরে জনপ্রতিনিধি হওয়ার চেষ্টা করছে। দ্বৈত নাগরিক হয়ে কেউ জনপ্রতিনিধি হতে পারে না, আমরা তা হতে দেব না।’

ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে সুযোগ দেয়া হলে আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথে নামার হুঁশিয়ারি দেন তিনি।