সুন্দরবনের সাতক্ষীরা এলাকায় নতুন করে দস‌্যুতায় নেমে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ৩ জন নিহত হয়েছে। এ সময় আরো দুই জনকে আটক ও দুই জেলেকে উদ্ধার হয়েছে। অভিযানকালে দস্যুদের হেফাজত থেকে ৫‌টি আগ্নেয়াস্ত্র, ৩৩ রাউন্ড গু‌লি, দেশীয় অস্ত্র, দস্যুতায় ব‌্যবহৃত অন‌্যান‌্য মালামাল ও ট্রলার জব্দ করা হয়েছে। 

আজ রোববার (২৮ জুন) বেলা সাড়ে ১২টায় খুলনার র‌্যাব ৬ কার্যালয়ে এক প্রেস ব্রিফিং‌য়ে র‌্যাবের নব‌নিযুক্ত মহাপ‌রিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এসব তথ‌্য জা‌নিয়েছেন। 

প্রেস ব্রিফিংয়ে র‌্যাব মহাপ‌রিচালক বলেন, সুন্দরবনে নতুন করে দস‌্যুতায় নামার চেষ্টা করলে তাদের প‌রিণ‌তি এরকমই হবে। র‌্যাবের গোয়েন্দা নজরদা‌রি থেকে কেউই রেহাই পাবে না।

প্রেস ব্রিফিংয়ে জানানো হয়, সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের মামদো নদী, মালঞ্চ নদী, খোপড়াখালী নদী ও ফি‌রি‌ঙ্গি নদী এলাকায় এ অভিযান প‌রিচালিত হয়। গত ২৫ জুন রাত থেকে ২৮ জুন ভোর পর্যন্ত অভিযান চালায় র‌্যাব। অভিযানে নিহত দস‌্যুরা হচ্ছে- সাতক্ষীরার হরদহ এলাকার মোঃ লুৎফরের ছেলে শ‌রিফুল ইসলাম (২৪), আশাশু‌নি উপজেলার বসুখালীর মৃত জামাত আলীর ছেলে হা‌বিবুর রহমান (২৪) ও অজ্ঞাত (২৫) একজন। আটক দুইজনের প‌রিচয় এখনো পাওয়া যায়‌নি। 

প্রেস ব্রিফিংয়ে উপ‌স্থিত ছিলেন, র‌্যাবের অ‌তি‌রিক্ত মহাপরিচালক (অপস) কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার, র‌্যাব ৬ এর অ‌ধিনায়ক ‌লেঃ কর্নেল রওসোনুল ফিরোজসহ অন‌্য কর্মকর্তারা।