লক্ষ্মীপুরে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। গতকাল দুপুরে সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন দক্ষিণ খাগুড়িয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের ছেলে মোশাররফ হোসেন ও তার মা (নিহতের স্ত্রী) জাহানারা বেগমকে আটক করেছে পুলিশ। পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে বলে
পুলিশের ধারণা।
নিহতের নাম মো. মিলন হোসেন (৬০)। তিনি উপজেলার দীঘলি ইউনিয়নের দক্ষিণ খাগুড়িয়া গ্রামের মৃত আনোয়ার উল্যাহর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজের পর নিজ বসতঘরের পাশে গাছের সঙ্গে নিহত মিলন হোসেনের হাত-পা বাঁধা মরদেহ দেখতে পায় স্থানীয়রা। এরপর তারা পুলিশকে বিষয়টি জানান। পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মোসলেহ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ জানান, মিলন হোসেনকে পারিবারিক কলহের জের ধরে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। জিজ্ঞাসাবাদের জন্য বৃদ্ধের ছেলে ও তার স্ত্রীকে আটক করা হয়েছে।









