বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপটি স্থল নিম্নচাপে পরিণত হয়ে যশোর ও খুলনা অঞ্চলে অবস্থান করে গতকাল শনিবার থেকেই। এটি ক্রমান্বয়ে দুর্বল ভারতের পশ্চিমবঙ্গের দিকে চলে যাচ্ছে। ফলে আগামীকাল (সোমবার) থেকে সারাদেশে বৃষ্টিপাতের পরিমাণ কমার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে কাল থেকে দেশের বিভিন্ন জেলায় তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি।
আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান জানিয়েছেন, ঢাকায় আজ সন্ধ্যা পর্যন্ত ঝিরিঝিরি বৃষ্টি থাকতে পারে। চট্টগ্রাম অঞ্চলেও বিকেলের দিকে বৃষ্টি কমে যেতে পারে। আগামীকাল থেকে সারাদেশে বিচ্ছিন্নভাবে দুয়েক জায়গায় বৃষ্টি হতে পারে। আগামী ২/৩ দিন গরম বাড়তে পারে।
তিনি আরো জানান, শনিবার সকাল থেকে ২৪ ঘণ্টায় ঢাকায় ৩২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সর্বোচ্চ ২২৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে পটুয়াখালীতে। সর্বোচ্চ ৩৩.৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছিল সিলেটে।
আবহাওয়া অফিস বলছে, সোমবার সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা (১-৩) ডিগ্রি বৃদ্ধি পেতে পারে। এসময় রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।










