বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামান।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অধ্যাদেশ, ১৯৬১ এর ১১ (১) এবং (২) ধারা অনুযায়ী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. আবু বোরহান মোহাম্মদ বদরুজ্জামানকে বুয়েটের উপাচার্য পদে পাঁচ শর্তে নিয়োগ দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, অধ্যাপক বদরুজ্জামানকে চার বছরের জন্য উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি তার বর্তমান পদের সমপরিমাণ বেতন ভাতার পাশাপাশি বিধি অনুযায়ী উপাচার্য পদের সুবিধা ভোগ করবেন এবং বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় ভিসি পদে তার নিয়োগ বাতিল করতে পারবেন।

৫ আগস্ট আওয়ামী লীগ নেতৃত্বাধীন পতনের পর সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের মতো বিশ্ববিদ্যালয়গুলোর শীর্ষ পদেও পরিবর্তনের ঢেউ লাগে। তার ধারাবাহিকতায় গত ১৮ আগস্ট পদত্যাগ করেন বুয়েট উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার।

এদিকে সরকারের পৃথক আদেশে বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরীকে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য করা হয়েছে।