ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার লাউতলা এলাকায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে মিরাজ হোসেন (২৫) নামের একজন নিহত হয়েছে। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৫ জন।

আজ বৃহস্পতিবার সকালে কালীগঞ্জ-চুয়াডাঙ্গা সড়কের ওই স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত মিরাজ (২৩) উপজেলার তেতুলবাড়িয়া গ্রামের রজব আলীর ছেলে। তিনি বাসটির চালকের সহকারী ছিলেন।

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ মামুনুর রশিদ জানান, সকালে কালীগঞ্জ শহর থেকে শাপলা পরিবহনের একটি যাত্রীবাহি বাস চুয়াডাঙ্গা। পথে ঘটনাস্থলে পৌঁছালে বাসটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাসের হেলপার মিরাজ নিহত হয়। আহত হয় বাসের থাকা যাত্রীদের মধ্যে ৫ জন। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।