বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের
উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, সারা দেশে পাটের
ব্যাগ চালু করতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন। পাটের মোড়ক ব্যবহার সংক্রান্ত
আইনটি বাস্তবায়ন করতে হবে। প্রথমে আটা, চাল ও ধানের মোড়ক হিসেবে এর প্রয়োগ শুরু হবে।
সুপার শপগুলোতে প্লাস্টিকের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহারে সার্বিক সহায়তা করা হবে।
রোববার (১৫ সেপ্টেম্বর) মতিঝিলের বিজেএমএ
ভবনে বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশন আয়োজিত পরিবেশবান্ধব পাটখাত ও পাট শিল্পের সমস্যা
উত্তরণ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির উপদেষ্টা এসব কথা বলেন।
সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান পণ্যে পাট মোড়ক আইনটির প্রয়োগ না হওয়ার বিষয়টি আলোকপাত
করে বলেন, প্লাস্টিক ব্যাগে খাদ্য পণ্যের স্বাস্থ্যঝুঁকি থেকে আমাদের পরবর্তী প্রজন্মকে
বাঁচাতে হবে, পলিথিন উৎপাদন রোধে ক্যাম্পেইন করা হবে।
সভায় মতবিনিময়কালে পাট পণ্যে যুগোপযোগী
প্রযুক্তিগত জ্ঞান ব্যবহার, অধিকতর গবেষণা,
স্বল্প দাম ও সহজলভ্যতা এবং সহজ শর্তে ঋণ বা প্রণোদনার বিষয়ে আলোচনা হয়েছে।
সভায় বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান
মো. আবুল হোসেন পাটখাতের সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন দিক নিয়ে সূচনা বক্তব্য রাখেন।
এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের
ভাইস চেয়ারম্যান রবিউল আহসান, মহাসচিব আব্দুল বারিক খান, পরিচালকবৃন্দ ও সংশ্লিষ্টরা
উপস্থিত ছিলেন।










