জাতীয় নির্বাচন ও গণভোট সামনে রেখে বিদ্যমান অবস্থাকে লেভেল প্লেয়িং ফিল্ড বলতে চান না বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। তবে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে নির্বাচন কমিশনের (ইসি) ওপর আস্থা রয়েছে বলে জানিয়েছেন তিনি। গতকাল প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

সিইসি ও অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে ওই বৈঠকে মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে উপস্থিত ছিল জামায়াতের ছয় সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘আমরা ইসিকে বলেছি, তারা নির্বাচনের লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে পারেননি। বিদ্যমান অবস্থার কিছু তথ্যপ্রমাণ নির্দিষ্টভাবে আমরা তাদের সামনে তুলে ধরে বলেছি, এ অবস্থা থাকলে এটাকে আমরা লেভেল প্লেয়িং ফিল্ড হিসেবে গ্রহণ করব না। আমরা কোনো অনাস্থা নিয়ে আসিনি। ইসির ওপর আমাদের আস্থা রয়েছে।’

গোলাম পরওয়ার আরো বলেন, ‘আগামী সংসদ নির্বাচন সামনে রেখে কয়েকটি গুরুত্বপূর্ণ ইস্যুতে ইসির ভূমিকা, কিছু ইনফরমেশন গ্যাপ, কিছু অস্পষ্ট অবস্থা—এগুলো পরিষ্কার করার জন্যই নির্বাচন কমিশনের সঙ্গে আমরা বৈঠক করেছি। সুনির্দিষ্ট কিছু বিষয়ে তাদের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে। আমরা বলেছি, যদি দেখি তফসিল ঘোষণার পর কোনো কর্মকর্তা নিরপেক্ষতা ভঙ্গ করছেন, আমরা এগুলো আপনাদের দৃষ্টিতে আনব। তারাও কথা দিয়েছেন, সুনির্দিষ্টভাবে তাদের দৃষ্টি আকর্ষণ করলে তারা তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করবেন।’

অন্তর্বর্তী সরকারের নির্দেশনা অনুযায়ী ফেব্রুয়ারির মধ্যভাগে ত্রয়োদশ সংসদ নির্বাচন আয়োজনের কথা রয়েছে। এ বিষয়ে গোলাম পরওয়ার বলেন, ‘সরকার এবং দলগুলোর কমিটমেন্ট অনুযায়ী ঘোষিত টাইমলাইন—আসন্ন রমজানের আগেই নির্বাচন। সে অনুযায়ী তফসিল ঘোষণার সময় পেরিয়ে যাচ্ছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সুনির্দিষ্ট সিদ্ধান্ত জানার জন্যই আজকের আলোচনায় আমরা বিষয়টি উত্থাপন করেছি।’

তফসিল ও ভোটের তারিখ পিছিয়ে যাওয়ার আশঙ্কা করছেন কিনা—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা এখনই এ রকম কিছু মনে করছি না। তারা যে সিদ্ধান্তের কথা জানালেন, তাতে আমরা আস্থা রাখতে চাই। ইসি চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে তফসিল ঘোষণা করবে।’