নারায়ণগঞ্জের ফতুল্লায় অস্ত্র মামলায় একজনকে ১০ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বুধবার সকালে অতিরিক্ত জেলা ও দায়রা জজ (দ্বিতীয়) আদালতের বিচারক বেগম সাবিনা ইয়াসমিনের আদালত এ আদেশ দেন। তবে রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন না।

সাজাপ্রাপ্ত আসামির নাম আরিফুল ইসলাম পলাশ। তিনি ফতুল্লার নন্দলালপুরের বাসিন্দা। 

পলাশের কারাদণ্ডাদেশের সত্যতা নিশ্চিত করেছেন ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) জাসমিন আহমেদ। তিনি জানান, অস্ত্র মামলায় উপস্থিত সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত পলাতক পলাশকে ১০ বছরের সাজা দিয়েছেন।

জাসমিন আহমেদ জানান, ২০১২ সালের ১২ নভেম্বর ফতুল্লার নন্দলালপুরে সেলিম মিয়া নামে এক ব্যক্তিকে লক্ষ্য করে পলাশ পিস্তল দিয়ে এক রাউন্ড গুলি ছোড়েন এবং এলাকায় আতঙ্ক সৃষ্টি করে চলে যান। পরে ঘটনার সত্যতা পেয়ে পলাশকে গ্রেফতারের জন্য অভিযান চালায় র্যা ব। তার বাড়িতে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো রিভলবার তৈরির খণ্ডাংশ, রিভলবারের ছয় চেম্বার বিশিষ্ট লোহার অংশ, রিভলবারের কাঠের বাট দুই খণ্ড, রিভলবারের ব্যারেলের অংশ, টিগার গার্ডসহ রিভলবারের লোহার অংশ, রিভলবার তৈরির ১২টি বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধার করা হয়। 

এ ঘটনায় র্যা ব বাদি হয়ে আরিফুল ইসলাম পলাশের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে।