নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মালিবাগ এলাকায় প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা প্রবাসীসহ তার বৃদ্ধ বাবা-মাকে অস্ত্রের মুখে হাত-পা বেঁধে নগদ ২০ লাখ টাকা, স্বর্ণালংকার ও দামি জিনিসপত্রসহ প্রায় ৪০ লাখ টাকার মালপত্র লুট করে নিয়ে গেছে।
গতকাল ভোরে এ ডাকাতির ঘটনা ঘটে।
ডাকাতির শিকার লন্ডনপ্রবাসী আসাদ চৌধুরি মঞ্জুর জানান, তিনি দীর্ঘদিন পরিবার নিয়ে লন্ডনে বসাবাস করেন। তার ছোট এক ভাই ইতালি ও আরো দুই ভাই জাপানপ্রবাসী। সম্প্রতি তিনি অসুস্থ বাবা-মাকে দেখতে দেশে আসেন। গতকাল ভোররাত ৪টার দিকে একদল ডাকাত তার বাড়িতে হানা দেয়। ১৪-১৫ জনের ডাকাত দল ভবনের
পূর্ব পাশের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। ভবনের দোতালায় উঠেই ডাকাতরা তাকেসহ তার বৃদ্ধ বাবা-মায়ের হাত-পা বেঁধে ফেলে। এ সময় ডাকাত সদস্যদের প্রত্যেকের মুখে মুখোশ ছিল।
এ ব্যাপারে বন্দর থানার ওসি আবু বকর ছিদ্দিক জানান, লুণ্ঠিত মালপত্র উদ্ধারের চেষ্টা চলছে। সিআইডির ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে।









