অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ, সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পদমর্যাদার ২২৪ জন বিচারককে বদলি করা হয়েছে। তাদের বদলি করে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে গতকাল প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বদলি হওয়া বিচারকদের মধ্যে জেলা ও দায়রা জজ পদমর্যাদার ৫২ জন, অতিরিক্ত জেলা ও দায়রা জজ পদমর্যাদার ৪৮, যুগ্ম জেলা জজ পদমর্যাদার নয়, সিনিয়র সহকারী জজ ও সহকারী জজ পদমর্যাদার ১১৪ এবং একজনকে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের এ কর্মকর্তাদের বদলি করা হয়েছে বলে জানিয়েছে আইন ও বিচার বিভাগ। বদলি করা অতিরিক্ত জেলা জজদের জেলা ও দায়রা জজ/মহানগর দায়রা জজ/দপ্তর প্রধান মনোনীত কর্মকর্তার কাছে আগামী ১২ সেপ্টেম্বর বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলি করা কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেয়া হয়েছে প্রজ্ঞাপনে। বদলি হওয়া সিনিয়র সহকারী জজ ও সহকারী জজদের জেলা ও দায়রা জজ/চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট/চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা দপ্তর প্রধান মনোনীত কর্মকর্তার কাছে আগামী ১২ সেপ্টেম্বর এবং প্রশিক্ষণ/ছুটিতে থাকা বিচারকদের প্রশিক্ষণ/ছুটি শেষে কর্মস্থলে যোগদানের তারিখে বর্তমান পদের দায়িত্বভার অর্পণ করে অবিলম্বে বদলি করা কর্মস্থলে যোগদানের জন্য নির্দেশ দেয়া হয়েছে প্রজ্ঞাপনে।