সাতক্ষীরা উপজেলার কয়ারবিলে লিয়াকত সরদার (৪৫) নামের এক যুবকের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশের দাবি, লিয়াকত সরদার একজন শীর্ষ মাদক ব্যবসায়ী।
ধারণা করা হচ্ছে, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে মাদকব্যবসায়ীদের দু’গ্রুপের সংঘর্ষে লিয়াকত সরদার নিহত হতে পারে। বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার বাঁশদহা ইউনিয়নের কয়ারবিল এলাকা থেকে মরদেহটি উদ্ধারের সময় সেখান থেকে অস্ত্র, গুলি ও মাদক জব্দ করা হয়।
নিহত লিয়াকত সরদার সদর উপজেলার তলুইগাছা গ্রামের মৃত মোসলেম সরদারের ছেলে।
সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাউদ্দীন জানান, সদর উপজেলার কয়ারবিলে মাদক ব্যবসায়ীদের দু’গ্রপের মধ্যে গোলাগুলি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা সদর থানার (ওসি) আসাদুজ্জামানের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় তারা সেখানে পৌছালে গুলিবিদ্ধ অবস্থায় এক ব্যক্তিকে দেখতে পান। এছাড়া তার পাশে পড়ে থাকা একটি রিভলবার, দু’রাউন্ড গুলি,একটি হাসুয়া, ৫০ বোতল ফেন্সিডিল ও ২শ’ পিস ইয়াবা জব্দ করা হয়।
পুলিশ গুলিবিদ্ধ ব্যক্তিকে সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মৃত ব্যক্তির পরিচয় জানা যায়, তিনি সদর উপজেলার উত্তর তলুইগাছা গ্রামের লিয়াকত সরদার। তার বিরুদ্ধে সদর থানায় দশটি মাদক আইনে মামলা রয়েছে।
মীর্জা সালাউদ্দীন আরো জানান, মাদকের টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে মাদকব্যবসায়ীদের দ্র’গ্রুপের সংঘর্ষে এ ঘটনাটি ঘটতে পারে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং মামলা প্রক্রিয়াধীন আছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।










