নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কুড়িপাড়ার বটতলা, চাপাতলি, কুড়িপাড়া চৌরাস্তা ও ইস্পাহানি বাজার এলাকায় অভিযান চালিয়ে ছয় হাজার বাড়ির আট হাজার অনুমোদনহীন চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গতকাল বেলা ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণে ভ্রাম্যমাণ আদালত এ অভিযান চালান। এ সময় ভ্রাম্যমাণ আদালত চারটি স্পট থেকে দুই ও তিন ইঞ্চি ব্যাসার্ধের ২০ ফুট পাইপ জব্দ করে।

বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমাতুজ্জোহরার নেতৃত্বে তিতাস গ্যাসের সোনারগাঁ আঞ্চলিক বিপণন বিভাগের একটি টিম এ অভিযান চালায়। গতকাল সন্ধ্যায় তিতাস গ্যাসের সোনারগাঁও আঞ্চলিক বিপণন বিভাগের উপব্যবস্থাপক প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান। অভিযানের সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ আঞ্চলিক বিপণন কার্যালয়ের ব্যবস্থাপক (ইএসএস) প্রকৌশলী মো. রফিকুজ্জামানসহ কর্মকর্তা-কর্মচারীরা।

প্রেস বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, যারা অবৈধভাবে গ্যাস সংযোগ গ্রহণ করেছেন এবং যারা গ্রামের সাধারণ মানুষকে গ্যাসের প্রলোভন দেখিয়ে ভয়াবহ গ্যাস দুর্ঘটনার দিকে ঠেলে দিয়েছেন, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে নিয়মিত অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।