লক্ষ্মীপুরে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। এদুর্ঘটনায় আহত হয়েছেন আরো ১৫ শ্রমিক। তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৮টার দিকে লক্ষ্মীপুর পৌর শহরের ঢাকা-রায়পুর সড়কের পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সদর উপজেলার টুমচর গ্রামের সায়েদুল হক পাটোয়ারীর ছেলে রফিক (৫৫), পৌর শহরের সমসেরাবাদ এলাকার নজির আহম্মদের ছেলে মফিজ উল্লাহ, আবির নগর গ্রামের নুরুল আমিনের ছেলে খোরশেদ (৩৫)।

এছাড়াও আহত হয়েছেন, আবদুল গফুরের ছেলে আবুল হোসেন, আবুল বাসার, দিদারের ছেলে ইয়াসিন, তসলিমের ছেলে রবিন, মজিবুল হকের ছেলে নজির, বাবুল, আবদুল মন্নানের ছেলে আবদুর নুর ও আজিজ উল্যার ছেলে সৈয়দ আহমেদসহ ১৫। তারা সবাই সদর উপজেলার আবিননগর গ্রামের বাসিন্দা।

মো. সেলিম নামে এক প্রত্যক্ষদর্শী জানান, সকালে পৌর শহরের মিয়া রাস্তার মাথা এলাকা থেকে নির্মাণ কাজের কন্টেক্টর ইসমাইল মাঝির অধীনে নির্মাণ কাজের ঢালাই মেশিনসহ ১৮ জন শ্রমিক একটি পিকআপ ভ্যান যোগে হাজীরপাড়া এলাকার উদ্দেশ্যে রওনা হয়। পিকআপ ভ্যানটি ঢাকা-রায়পুর সড়কের পল্লীবিদ্যুৎ অফিস এলাকায় পৌঁছালে চাকা পাংচার হয়ে যায়। এতে ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়।

ঘটনাস্থলেই ঢালাই মেশিনের চাপা পড়ে রফিক, মফিজ ও খোরশেদ নামে তিন নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। বাকী শ্রমিকদের আহত অবস্থায় উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। 

ঘটনার পর থেকে পিকআপ ভ্যান চালক মো. লিটন পলাতক রয়েছেন। তিনি আবির নগর গ্রামের রুহুল আমিনের ছেলে।

লক্ষ্মীপুর সদর হাসপাতালে আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে আনার আগেই তিনজনের মৃত্যু হয়েছে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।