কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প থেকে বিদেশী পিস্তলসহ এক সন্ত্রাসীকে আটক করেছে এপিবিএন। গতকাল গভীর রাতে টেকনাফের নয়াপাড়া শরণার্থী শিবিরের সি ব্লকে এ অভিযান চালানো হয়েছে বলে জানান ১৬ এপিবিএনের অধিনায়ক এডিআইজি হাসান বারী নুর। আটক মো. হারুন (২৮) টেকনাফের নয়াপাড়ায় নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পের সি ব্লকের ফজল আহম্মেদের ছেলে।

হাসান বারী নুর জানান, গভীর রাতে টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা শিবিরের সি ব্লকের একটি ঘরে অপরাধ সংঘটনের উদ্দেশ্যে কতিপয় লোকজন অবস্থান করছে—এমন খবরে এপিবিএনের একটি দল অভিযানে যায়। এ সময় এপিবিএন সদস্যরা সন্দেহজনক বাড়িটি ঘেরাও করলে ভেতর থেকে দরজা খুলে এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা চালায়। এ সময় ধাওয়া দিয়ে তাকে আটক করা হয়েছে। পরে এপিবিএন সদস্যরা আটক ব্যক্তির দেহ তল্লাশি করে ম্যাগাজিনসহ একটি বিদেশী পিস্তল উদ্ধার করে।

এপিবিএনের এ কর্মকর্তা বলেন, আটক মো. হারুন সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে টেকনাফ থানায় হত্যাসহ একাধিক মামলা রয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে থানায় হস্তান্তর করা হয়েছে।