ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত সোমবার নির্বাচন কমিশনে মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে তিনি আপিল করেছিলেন।
আজ শনিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবন মিলনায়তনে আপিলের শুনানিকালে তাসনিম জারার মনোনয়ন বৈধ বলে ঘোষণা করে ইসি। এ সময় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনসহ অন্যান্য কমিশনাররা উপস্থিত ছিলেন।
এর আগে, স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে ১ শতাংশ ভোটারের স্বাক্ষরসহ মনোনয়নপত্র জমা দেন তাসনিম জারা। এর মধ্যে নির্বাচন কমিশন ১০ জন ভোটারের তথ্য যাচাই করে। যাচাইয়ে দেখা যায়, ১০ জনের মধ্যে ৮ জনের তথ্য সঠিক হলেও বাকি ২ জন ঢাকা-৯ আসনের ভোটার নন। এ কারণে নির্বাচন বিধি অনুযায়ী তাসনিম জারার মনোনয়ন বাতিলের সিদ্ধান্ত নেয়া হয়।










