সিরাজগঞ্জের বেলকুচিতে একটি নির্মাণাধীন মসজিদের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে এক কিশোরের মৃত্যু হয়েছে। এসময় তাকে উদ্ধারে নেমে তার বাবারও করুণ মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বেলকুচি পৌর এলাকার সুবর্ণসাড়া দক্ষিণপাড়া নির্মাণাধীন বাগে জান্নাত জামে মসজিদের ট্যাংক পরিষ্কারের সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন পৌর এলাকার মুকুন্দগাঁতী মধ্যপাড়া মহল্লার মৃত মনু বাসফোরের পুত্র হৃদয় (৩৫) ও তার ছেলে বিশাল (১৭)। মৃতরা হরিজন সম্প্রদায়ের।
গতকাল মঙ্গলবার রাতে বেলকুচি থানার ওসি (তদন্ত) নূরে আলম খবরটি নিশ্চিত করে জানান, পৌর এলাকার সুবর্ণসাড়া দক্ষিণপাড়া বাগে জান্নাত জামে মসজিদের সেপটিক ট্যাংক পরিষ্কারের জন্য মঙ্গলবার সকাল থেকে পিতা হৃদয়ের সঙ্গে পুত্র বিশালও কাজ করছিল। বিকেলের দিকে সেফটি ট্যাংকের ভিতরে বিশাল কাজ করতে নামলে তার আর কোন সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। অনেক ডাকাডাকি করেও যখন কোন সাড়াশব্দ না পেয়ে চিৎকার শুরু করে বিশালের বাবা হৃদয়। তাঁর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসে। এক পর্যায়ে পুত্র বিশালকে উদ্ধার করার জন্য পিতা হৃদয় নিজেই সেপটিক ট্যাংকে নেমে পড়েন। এতে তারও কোন সাড়াশব্দ না পাওয়ায় স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা এসে উদ্ধার কার্যক্রম শুরু করে সন্ধ্যার দিকে পিতা ও পুত্রের মরদেহ উদ্ধার করেন তারা।
তিনি আরও জানান, সেপটিক ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাসের কারণে দুজনের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।










