ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের কমিটি নিয়ে ফের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সময় গোলাগুলি ও ককটেল বিস্ফোরণ ঘটানোর অভিযোগও উঠেছে। গতকাল শনিবার (১০ জুন) রাত ১০টার দিকে শহরের কান্দীপাড়া এলাকায় মুখোমুখি হয় তারা।

জানা যায়, গত ৮ জুন ছাত্রদলের কমিটি ঘোষণার প্রতিবাদে পরদিন শুক্রবার মিছিল ও নেতাদের বাড়িতে হামলা চালায় ছাত্রদলের পদ বঞ্চিতরা। এ সময় হামলা ও ভাংচুরের শিকার হয় কৃষকদলের আহ্বায়ক শামীম ও নতুন কমিটির আহ্বায়ক শাহীনসহ কয়েকজন নেতাকর্মীর বাড়ি।

গতকাল রাতে পদ বঞ্চিত নেতাকর্মীরা আবার হামলা চালায়। এ সময় বিরুদ্ধপক্ষ প্রতিরোধ গড়ে তুললে সংঘর্ষ ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের খবর নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. এমরানুল ইসলাম।

তিনি বলেন, ছাত্রদলের নতুন কমিটি নিয়ে দুদিন ধরে পদ বঞ্চিত নেতাকর্মীরা হামলা করছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ফের সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।