নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর নূর হোসেনকে অস্ত্র আইনের একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।
আজ বুধবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল বিচারক বেগম সাবিনা ইয়াসমিন এ আদেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমিন আহমেদ।
এপিপি জাসমিন আহমেদ জানান, গত ২৮ এপ্রিল সাতখুন মামলার আসামি নূর হোসেনসহ তার সহযোগীদের অস্ত্রের লাইসেন্স বাতিল করেন তৎকালীন জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা। নূর হোসেনের অন্য সহযোগীরা বিভিন্ন মাধ্যমে তাদের অস্ত্র জামা দিলেও নূর হোসেন তার অস্ত্রটি অস্ত্রটি জমা না দিয়ে নিজের হেফাজতে রেখে দেন। এই অস্ত্র উদ্ধারের জন্য ৫ মে তার বাড়িতে অভিযান চালানো হয়। কিন্ত অস্ত্রটি পাওয়া যায়নি। পরবর্তীতে ওই বছরেরই ২ আগস্ট রাজধানীর মালিবাগ রেলক্রসিং এলাকায় একটি দুর্ঘটনা ঘটলে ওই দুর্ঘটনা কবলিত প্রাইভেটকার থেকে নূর হোসেনের অস্ত্রটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ। ওই অস্ত্র উদ্ধারের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়। ওই মামলায় আদালতে মামলার তদন্ত কর্মকর্তাসহ মোট ছয়জনের সাক্ষ্য গ্রহল করা হয়।










