নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর নূর হোসেনকে অস্ত্র আইনের একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত ও বিশেষ ট্রাইব্যুনাল বিচারক বেগম সাবিনা ইয়াসমিন এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর জাসমিন আহমেদ।
এপিপি জাসমিন আহমেদ জানান, ২০১৪ সালের ২৮ এপ্রিল সাত খুন মামলার আসামি নূর হোসেনসহ তার সহযোগীদের অস্ত্রের লাইসেন্স বাতিল করেন তত্কালীন জেলা প্রশাসক আনিছুর রহমান মিঞা। নূর হোসেনের অন্য সহযোগিরা বিভিন্ন মাধ্যমে তাদের অস্ত্র জমা দিলেও নূর হোসেন তার অস্ত্রটি জমা না দিয়ে নিজের হেফাজতে রেখে দেন। এ অস্ত্র উদ্ধারের জন্য ওই বছরের ৫ মে নূর হোসেনের বাড়িতে অভিযান চালানো হয়। কিন্তু অস্ত্রটি পাওয়া যায়নি। পরে ওই বছরেরই ২ আগস্ট রাজধানীর মালিবাগ রেলক্রসিং এলাকায় একটি দুর্ঘটনা ঘটলে ওই দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার থেকে নূর হোসেনের অস্ত্রটি উদ্ধার করে রেলওয়ে পুলিশ। ওই অস্ত্র উদ্ধারের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়। ওই মামলায় আদালতে মামলার তদন্ত কর্মকর্তাসহ মোট ছয়জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়। পরে আদালতে দুই পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত নূর হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন।










