কক্সবাজারের টেকনাফ থেকে ৫৮ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এ সময় মানব পাচারকারী চক্রের এক সদস্যকেও আটক করা হয়। এসব রোহিঙ্গা অবৈধভাবে সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে পুলিশের হাতে ধরা পড়ে। শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তাদের আটক করা হয় বলে জানান টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওসমান গণি।

তিনি জানান, সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার জন্য বিভিন্ন ক্যাম্প থেকে রোহিঙ্গাদের এনে টেকনাফের একটি এলাকায় রাখে পাচারকারী চক্রের সদস্যরা। পুলিশ খবর পেয়ে মানব পাচার চক্রের মূল হোতাকে গ্রেফতার করে। এ সময় ৫৮ রোহিঙ্গাকে আটক করা হয়। তাদের মধ্যে নারী-পুরুষ ও শিশু রয়েছে। মানব পাচারকারী চক্রের বেশ কয়েকজন সদস্যের নাম পাওয়া গেছে। তাদের ধরতে পুলিশের কয়েকটি টিম অভিযান অব্যাহত রেখেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে রোহিঙ্গাদের নিজ নিজ ক্যাম্পের প্রতিনিধিদের জিম্মায় দেয়া হবে। মানব পাচারকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।