প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। আজ শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। আটক যুবকের নাম মনির আহমদ (৩৮)। তিনি জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের কারগ্রামের ইসলাম উদ্দিনের ছেলে।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ জানান, প্রবাসীকল্যাণ মন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটুক্তির অভিযোগে মনির আহমদের বিরুদ্ধে তথ্য যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা করেন এক ছাত্রলীগ নেতা। সে মামলায় সিলেট নগরীর সুবহানীঘাট এলাকা থেকে আজ সকালে মনিরকে আটক করা হয়েছে।










