ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার সাব্দারপুর ইউনিয়নের দুর্গাকুন্ডু গ্রামের একটি বাগান থেকে নুপুর খাতুন (৩০) নামের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার সকালে এ মরদেহ উদ্ধার করা হয়। নুপুর খাতুন ওই গ্রামের দুবাই প্রবাসী মোজাম্মেল ব্যাপারির স্ত্রী।
স্থানীয়রা জানান, সকালে দুর্গাপুর গ্রামের গোরস্তানের পাশের একটি বাগানে নুপুর খাতুনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয় এলাকাবাসী। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। মরদেহের চোখ উপড়ানো ও গলায় ফাঁস দেয়ার চিহ্ন রয়েছে।
কোটচাঁদপুর থানার ওসি মাহবুবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নুপুর খাতুন বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হন। এরপর থেকেই নিখোঁজ ছিলেন। তবে এই হত্যার পেছনে কারণ অনুসন্ধান করছে পুলিশ।










