মানিকগঞ্জ পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. রমজান আলীকে সমর্থন জানিয়ে নির্বাচনে অংশ না নেয়ার ঘোষণা দিয়েছেন বর্তমান মেয়র গাজী কামরুল হুদা সেলিম। গতকাল দুপুরে নিজ বাসভবনে সংবাদ সম্মেলন করে প্রার্থিতা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি। এ সময় তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর পক্ষে কাজ করবেন বলেও জানান।
জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক গাজী কামরুল হুদা সেলিম এবার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চেয়েছিলেন। দল থেকে মনোনয়ন না পাওয়ার পরও সোমবার পর্যন্ত তিনি নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছিলেন। পরে সিদ্ধান্ত পরিবর্তন করে নির্বাচনে অংশ না নেয়ার কথা জানান তিনি।
গাজী কামরুল হুদা সেলিম ২০১৫ সালে পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থী হয়ে জয়লাভ করেন। এবার পৌর নির্বাচনে দলের কাছে ছয়জন মনোনয়ন প্রত্যাশা করেন। জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বর্তমান মেয়র গাজী কামরুল হুদা সেলিম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সাবেক মেয়র রমজান আলী, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেলের নাম প্রস্তাব করে কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হয়। দলীয় সিদ্ধান্তে নৌকা প্রতীক দেয়া হয় মো. রমজান আলীকে।
দলীয় মনোনয়ন না পেয়ে গাজী কামরুল হুদা সেলিম এবারের পৌর নির্বাচনে মেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সব প্রস্তুতি নেন। মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে গতকাল দুপুরে তার বাসভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন মেয়র গাজী কামরুল হুদা সেলিম।
সংবাদ সম্মেলনে পৌর মেয়র গাজী কামরুল হুদা সেলিম বলেন, মানুষের কল্যাণ, সেবা, উন্নয়ন ও রাজনৈতিক অঙ্গনে আবেগ-উত্তেজনা কিংবা প্রতিশোধের জায়গা নেই। এটি একটি চলমান ও ধারাবাহিক প্রক্রিয়া এখানে বাস্তবতার নিরিখে পরিস্থিতির ওপর ভিত্তি করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করাই নেতৃত্বের বিচক্ষণতা। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার দেশপ্রেম এবং সাংগঠনিক শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল ও সর্বোপরি জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আনুগত্য, বিশ্বাস ও আস্থা রেখে সার্বিক রাজনীতির কথা মাথায় রেখে আমি নির্বাচন না করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। সেই সঙ্গে আসন্ন পৌর নির্বাচনে দলের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মো. রমজান আলীকে পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি। দলীয় প্রার্থীকে ভোট প্রদান ও বিজয়ী করতে তিনি তার কর্মী-সমর্থকদের প্রতি অনুরোধ করেন।









