ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পর্ষদ সভা আজ বেলা ৩টায় অনুষ্ঠিত হবে। সভায় চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হবে। স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
সর্বশেষ প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, সমাপ্ত ২০২৩ হিসাব বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির সমন্বিত জীবন বীমা তহবিলের আকার দাঁড়িয়েছে ৪ হাজার ৯২৯ কোটি ৬৩ লাখ ৭০ হাজার টাকায়, আগের হিসাব বছরের একই সময় শেষে যা ছিল ৪ হাজার ৫৫০ কোটি ৫৯ লাখ ৭০ হাজার টাকা। সে হিসাবে বছরের ব্যবধানে কোম্পানিটির সমন্বিত জীবন বীমা তহবিল বেড়েছে ৩৭৯ কোটি ৪ লাখ টাকা।
৩১ ডিসেম্বর সমাপ্ত ২০২২ হিসাব বছরের জন্য শেয়ারহোল্ডারদের ৩৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৭৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৩ টাকা ৮৪ পয়সা। ওই বছরের ৩১ ডিসেম্বর শেষে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৬৮ টাকা ২২ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ৫২ টাকা ৬৫ পয়সা।










