সমৃদ্ধ জাতি গঠনে দক্ষ শিক্ষকের ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর। তিনি বলেন, শিক্ষকরা তাদের শিক্ষার্থীদের দক্ষ, যোগ্য ও কার্যকর নাগরিক হিসেবে গড়ে তোলেন। একইসঙ্গে জ্ঞান ও প্রজ্ঞার মাধ্যমে দেশের প্রয়োজনে অবদান রাখেন।
সোমবার (২৫ আগস্ট) ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে শিক্ষকদের প্রশিক্ষণ কর্মসূচির সনদ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সভাপতি ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। তিনি বর্তমান গভর্নরকে বাংলাদেশ ব্যাংকের দক্ষ পরিচালনার জন্য ধন্যবাদ জানান। একই সাথে তিনি আশা প্রকাশ করেন যে, বর্তমান গভর্নর সরকারের কাছে বাংলাদেশ ব্যাংকের কর্মীদের জন্য একটি স্বতন্ত্র বেতন স্কেল ও গভর্নরের পদকে সাংবিধানিক পদে উন্নীত করার জন্য উদ্যোগ গ্রহণ করবেন।
অনুষ্ঠানে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান, উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. আশিক মোসাদ্দিক, আইকিউএসি এর পরিচালক অধ্যাপক ড. সুফিয়া ইসলাম এবং প্রশিক্ষণ গ্রহণকারী দুজন শিক্ষকও বক্তব্য রাখেন।
পরে প্রশিক্ষণ গ্রহণকারী ৩৪ জন শিক্ষকের হাতে সনদ তুলে দেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ. মনসুর। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষক ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।
—বিজ্ঞপ্তি










