বেজার সম্মেলন কক্ষে গতকাল আয়োজিত এক অনুষ্ঠানে গোল্ডেন অয়েল মিলস লিমিটেড এবং ডেল্টা এপিআই লিমিটেডের সঙ্গে পৃথক ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর সম্পন্ন হয়।

চুক্তি অনুযায়ী, গোল্ডেন অয়েল মিলস লিমিটেড ২০ একর জমিতে প্রায় ৫ কোটি ২৮ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে। প্রতিষ্ঠানটি খাদ্য ও কৃষিভিত্তিক পণ্য, ফ্রোজেন ফুড, আইসক্রিম, বিশেষায়িত তেল ও ফ্যাট, প্যাকেজিং, ব্যাকওয়ার্ড ইন্টিগ্রেশন এবং উন্নত প্রযুক্তিনির্ভর ইলেকট্রনিকস উৎপাদনে বিনিয়োগ করবে, যেখানে প্রায় ছয় হাজার মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

অন্যদিকে, ডেল্টা এপিআই লিমিটেড ১২ একর জমিতে প্রায় ১ কোটি ২৩ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করে অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস উৎপাদন কারখানা স্থাপন করবে। এ প্রকল্পে প্রায় ২০০ জনের কর্মসংস্থান সৃষ্টি হবে। একই অর্থনৈতিক অঞ্চলে প্রতিষ্ঠানটির আরো ৩০ একর জমির লিজ ও হস্তান্তর এরই মধ্যে সম্পন্ন হয়েছে। সেখানে শিল্প স্থাপনের প্রয়োজনীয় অনুমোদন প্রক্রিয়া চলমান রয়েছে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বেজার নির্বাহী সদস্য (ইনভেস্টমেন্ট প্রমোশন) সালেহ আহমদ বলেন, ‘দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোতে দেশী-বিদেশী বিনিয়োগকারীদের আগ্রহ ধারাবাহিকভাবে বাড়ছে। বিনিয়োগকারীদের দ্রুত শিল্প স্থাপন ও উৎপাদন কার্যক্রম শুরু নিশ্চিত করতে বেজা বিনিয়োগবান্ধব সেবা জোরদারে কাজ করছে।’

সভাপতির বক্তব্যে বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেন, ‘বিনিয়োগকারীদের জন্য শুধু জমি বরাদ্দ নয়; দ্রুত শিল্প স্থাপন, উৎপাদন শুরু এবং রফতানিমুখী শিল্প বিকাশে প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করতে বেজা কাজ করছে।’

অনুষ্ঠানে গোল্ডেন অয়েল মিলস লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক নিয়াজ আহমেদ, ডেল্টা এপিআই লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসেন এবং বেজার পক্ষে নির্বাহী সদস্য সালেহ আহমদ ভূমি ইজারা চুক্তিতে স্বাক্ষর করেন।