ড্যাফোডিল গ্রুপ পরিদর্শনকালে ব্রিটিশ কাউন্সিলের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। ড্যাফোডিল গ্রুপ এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল এ তথ্য জানায়।
ব্রিটিশ কাউন্সিল প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাদেশে প্রতিষ্ঠানটির কান্ট্রি ডিরেক্টর স্টিফেন ফোর্বস। প্রতিনিধি দলে আরো ছিলেন ব্রিটিশ কাউন্সিলের (লন্ডন) চিফ রেভিনিউ অফিসার রবিন ক্লার্ক, ব্রিটিশ কাউন্সিলের সাউথ এশিয়া অঞ্চলের ইংলিশ অ্যান্ড এক্সাম বিভাগের রিজিওনাল বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর তালাল মিই, ব্রিটিশ কাউন্সিল ঢাকার ইংলিশ অ্যান্ড এক্সাম বিভাগের বিজনেস ডেভেলপমেন্ট ডিরেক্টর তাহনী ইয়াসমিন এবং ব্রিটিশ কাউন্সিলের অন্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ড্যাফোডিল গ্রুপের পক্ষে বৈঠকে অংশ নেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) ফাউন্ডার ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান, ভাইস চ্যান্সেলর, এবং ড্যাফোডিল গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুল, ড্যাফোডিল পলিটেকনিক ইনস্টিটিউট, ড্যাফোডিল ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেস এবং ড্যাফোডিল ফাউন্ডেশনের প্রতিনিধিরা নিজ নিজ প্রতিষ্ঠানের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
বৈঠকে শিক্ষার্থীদের ইংরেজি ভাষা ও যোগাযোগ দক্ষতা উন্নয়ন, কর্মক্ষেত্রে প্রয়োজনীয় ইংরেজি ব্যবহারের সক্ষমতা বৃদ্ধি, পলিটেকনিক শিক্ষার্থীদের জন্য পেশাভিত্তিক ইংরেজি শিক্ষা, শিক্ষক প্রশিক্ষণ নিয়ে আলোচনা হয়। এছাড়া আন্তর্জাতিক মানের ভাষা শিক্ষা, আন্তর্জাতিক সনদ অর্জনের সুযোগ এবং দুই প্রতিষ্ঠানের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের বিষয় গুরুত্ব পায়।
বৈঠকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ফাউন্ডার ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. মো. সবুর খান বলেন, ‘ইংরেজি শুধু একটি ভাষা নয়, এটি বৈশ্বিক শিক্ষা, কর্মসংস্থান, উদ্যোক্তা উন্নয়ন এবং আন্তর্জাতিক সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। শিক্ষার্থীদের ভবিষ্যৎ সম্ভাবনা আরো বিস্তৃত করতে ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে কার্যকর অংশীদারত্ব গড়ে তোলার সুযোগকে আমরা গুরুত্ব দিচ্ছি। এ সহযোগিতা দেশের দক্ষ মানবসম্পদ উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।’










