সিআইইউ গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, এ অংশীদারত্বের আওতায় আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সহযোগিতা সম্প্রসারণ করা হবে।

সম্প্রতি চীনের কুনমিংয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় ইউনান ইউনিভার্সিটির প্রেসিডেন্ট অধ্যাপক মা ওয়েনহুই এবং সিআইইউ উপাচার্য অধ্যাপক ড. এমএম নুরুল আবসার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, ‘২০২৬ চাইনিজ ব্রিজ’ শীর্ষক প্রতিযোগিতার বাংলাদেশী শিক্ষাবিদ প্রতিনিধি দলের চীন সফরের অংশ হিসেবে ইউনান ইউনিভার্সিটির আয়োজনে এ সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠিত হয়। এর মাধ্যমে বাংলাদেশ ও চীনের উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে একাডেমিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হলো।

সমঝোতার আওতায় সিআইইউ ও ইউনান বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক-শিক্ষার্থী ও গবেষক বিনিময়, যৌথ গবেষণা ও প্রশিক্ষণ, যৌথ সেমিনার ও একাডেমিক সভা আয়োজন এবং অন্যান্য সহযোগিতামূলক উদ্যোগ পরিচালিত হবে। এর ফলে সিআইইউর শিক্ষক-শিক্ষার্থী ও গবেষকদের জন্য আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষা ও গবেষণার নতুন সুযোগ সৃষ্টি এবং বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক সম্পৃক্ততা আরো শক্তিশালী হবে।