পুঁজিবাজারে তালিকাভুক্ত সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি জরুরি রক্ষণাবেক্ষণকাজের জন্য কারখানার উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। ৭ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কারখানাটি সাময়িক বন্ধ থাকবে বলে জানিয়েছে কোম্পানিটি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এসব তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, বিদ্যমান পরিচালনগত পরিস্থিতি পর্যালোচনা করে কার্যক্রমের দক্ষতা নিশ্চিত করা এবং ব্যবসায়িক কর্মকাণ্ডের টেকসই ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে কারখানাটি সাময়িকভাবে বন্ধ রাখা প্রয়োজন বলে মনে করছে কারখানাটির কর্তৃপক্ষ।
এ বিষয়ে কোম্পানির পরিচালনা পর্ষদ ৬ সেপ্টেম্বর বেলা সাড়ে ৩টায় চট্টগ্রামের পাঁচলাইশে অবস্থিত কোম্পানির করপোরেট কার্যালয়ে অনুষ্ঠিত ১৩৯তম পর্ষদ সভায় কারখানা সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
কোম্পানিটির মতে, বিদ্যমান পরিচালনগত পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হচ্ছে। একই সঙ্গে যত দ্রুত সম্ভব কারখানার কার্যক্রম পুনরায় চালু করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ।
আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি ২০২৫-২৬ হিসাব বছরের প্রথম তিন প্রান্তিকে (জুলাই-মার্চ) সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৮ পয়সা, আগের হিসাব বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৩৫ পয়সা। ৩১ মার্চ ২০২৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩১ টাকা ৯০ পয়সায়।
২০২৪-২৫ হিসাব বছরে বিনিয়োগকারীদের ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। এর মধ্যে ১১ শতাংশ নগদ ও ৯ শতাংশ স্টক লভ্যাংশ। আলোচ্য হিসাব বছরে সিভিও পেট্রোকেমিক্যালের ইপিএস হয়েছে ৩ টাকা ৮২ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২ টাকা ৩৪ পয়সা। ৩০ জুন ২০২৫ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১০ টাকা ৩১ পয়সায় (পুনর্মূল্যায়িত)।
২০২৩-২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে সিভিও পেট্রোকেমিক্যালেরই পিএস হয়েছে ২ টাকা ৩৪ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪৬ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ১০ টাকা ৩১ পয়সায়।
২০২২-২৩ হিসাব বছরে উদ্যোক্তা পরিচালক বাদে সাধারণ বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটির পর্ষদ। আলোচ্য হিসাব বছরে সিভিও পেট্রোকেমিক্যালের ইপিএস হয়েছে ৪৬ পয়সা। আগের হিসাব বছরে শেয়ারপ্রতি লোকসান ছিল ২ টাকা ৬৩ পয়সা। ৩০ জুন ২০২৩ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৮ টাকা ২৭ পয়সায়।
সিভিও পেট্রোকেমিক্যালের সর্বশেষ সার্ভিল্যান্স রেটিং দীর্ঘমেয়াদে ‘বিবিবি ওয়ান’ ও স্বল্পমেয়াদে ‘এসটি-৩’। ৩০ জুন সমাপ্ত ২০২৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ২২ ডিসেম্বর সমাপ্ত ২০২৫ পর্যন্ত ব্যাংক ঋণের অবস্থা এবং রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য পরিমাণগত ও গুণগত তথ্যের ওপর ভিত্তি করে এ প্রত্যয়ন করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)।
১৯৯০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত সিভিও পেট্রোকেমিক্যালের অনুমোদিত মূলধন ১৫০ কোটি ও পরিশোধিত মূলধন ৩০ কোটি ২৬ লাখ ৯০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ৪ কোটি ৯৬ লাখ টাকা। মোট শেয়ার সংখ্যা ৩ কোটি ২ লাখ ৬৮ হাজার ৭৫৫। এর ৪৩ দশমিক শূন্য ৬ শতাংশ রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে ১৭ দশমিক ৪৪, বিদেশী বিনিয়োগকারী দশমিক শূন্য ৯ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে বাকি ৩৯ দশমিক ৪১ শতাংশ শেয়ার রয়েছে।









