বহুজাতিক রঙ উৎপাদক বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে (এপ্রিল-জুন) আয় বেড়েছে। আয় বাড়লেও এ সময়ে কোম্পানিটির নিট মুনাফা কমেছে। কোম্পানিটির আর্থিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। 

তথ্য অনুসারে, চলতি ২০২৪ হিসাব বছরের প্রথম প্রান্তিকে সমন্বিত আয় হয়েছে ৬৯৯ কোটি টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৬৯২ কোটি টাকা। প্রথম প্রান্তিকে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা হয়েছে ৯৬ কোটি টাকা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ৯৭ কোটি টাকা। 

চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ২০ টাকা ৭৪ পয়সা, আগের হিসাব বছরের একই প্রান্তিকে যা ছিল ২০ টাকা ৯৬ পয়সা। গত ৩০ জুন শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩৩০ টাকা ২৭ পয়সায়।

কোম্পানিটির পর্ষদ ৩১ মার্চ সমাপ্ত ২০২৪ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৫০০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ঘোষিত লভ্যাংশ ও অন্যান্য এজেন্ডায় আগামী ২ অক্টোবর সকাল ১০টায় ডিজিটাল প্লাটফর্মে বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করা হয়েছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা হয়েছে ৩২৪ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৩০১ কোটি টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬৯ টাকা ৯২ পয়সা, যা আগের হিসাব বছরে ছিল ৬৪ টাকা ৯১ পয়সা। গত ৩১ মার্চ শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ৩০৯ টাকা ৫৩ পয়সায়।

২০২২-২৩ হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৪০০ শতাংশ নগদ লভ্যাংশের ঘোষণা দিয়েছে বার্জার পেইন্টসের পর্ষদ। আলোচ্য হিসাব বছরে বার্জার পেইন্টস বাংলাদেশের সমন্বিত কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ৩০১ কোটি ৫ লাখ টাকা, আগের হিসাব বছরে যা ছিল ২৯০ কোটি ৭০ লাখ টাকা। সে হিসাবে এক বছরের ব্যবধানে কোম্পানিটির নিট মুনাফা বেড়েছে ১০ কোটি ৩৫ লাখ টাকা বা ৩ দশমিক ৫৬ শতাংশ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৬৪ টাকা ৯১ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৬২ টাকা ৬৮ পয়সা। ওই বছরের ৩১ মার্চ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়িয়েছে ২৭৯ টাকা ৭৮ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২২৭ টাকা ৩৯ পয়সা।

২০২১-২২ হিসাব বছরের জন্য বিনিয়োগকারীদের ১০০ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ দিয়েছে বার্জার পেইন্টস বাংলাদেশ। এর আগে আলোচ্য হিসাব বছরের প্রথম নয় মাসের আর্থিক প্রতিবেদনের ভিত্তিতে শেয়ারহোল্ডারদের ৩০০ শতাংশ নগদ অন্তর্বর্তী লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত ইপিএস হয়েছে ৬২ টাকা ৬৮ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৫৭ টাকা ৫৫ পয়সা। ৩১ মার্চ ২০২২ শেষে কোম্পানিটির সমন্বিত এনএভিপিএস দাঁড়ায় ২২৭ টাকা ৩৯ পয়সায়, আগের হিসাব বছর শেষে যা ছিল ২৩২ টাকা ২৯ পয়সা।

২০২১ সালের ৩১ মার্চ সমাপ্ত হিসাব বছরের জন্য ৩৭৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি। ২০২০ হিসাব বছরে ২৯৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল কোম্পানিটি। আগের হিসাব বছরে ২৫০ শতাংশ নগদ লভ্যাংশ দেয় তারা। এছাড়া ২০১৮ হিসাব বছরে মোট ৩০০ শতাংশ লভ্যাংশ পেয়েছিলেন কোম্পানিটির শেয়ারহোল্ডাররা। এর মধ্যে ২০০ শতাংশ নগদ ও ১০০ শতাংশ স্টক লভ্যাংশ।

২০০৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বার্জার পেইন্টসের অনুমোদিত মূলধন ১০০ কোটি ও পরিশোধিত মূলধন ৪৬ কোটি ৩৭ লাখ ৮০ হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১ হাজার ২৬২ কোটি ৮৭ লাখ টাকা। কোম্পানিটির মোট শেয়ার সংখ্যা ৪ কোটি ৬৩ লাখ ৭৭ হাজার ৮৮০। 

এর মধ্যে ৯৫ শতাংশই রয়েছে উদ্যোক্তা পরিচালকদের কাছে। এছাড়া প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৪ দশমিক শূন্য ৬, বিদেশী বিনিয়োগকারীদের হাতে দশমিক ২০ ও সাধারণ বিনিয়োগকারীদের হাতে দশমিক ৭৪ শতাংশ শেয়ার রয়েছে।