বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজন করা হয়েছে ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৫’। এটি বাংলাদেশ অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের ২০তম আসর। বৃহস্পতিবার (৩ জুলাই) রাজধানীর আফতাব নগরে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্যাম্পাসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান ও এপেক্স ফুটওয়্যার লিমিটেডের সহকারী মহাব্যবস্থাপক (মার্কেটিং) রায়হান কবির। এ সময় লিখিত বক্তব্য উপস্থাপন করেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মশহুরুল আমিন।
অলিম্পিয়াডে ১৪ থেকে ১৮ বছর বয়সী স্কুল ও কলেজের শিক্ষার্থীদের জন্য তিনটি ধাপে এই প্রতিযোগিতা হবে। প্রথম রাউন্ড অনুষ্ঠিত হবে ১১ থেকে ২১ জুলাই দেশের বিভাগীয় ও জেলা শহরগুলোতে। সেখান থেকে বাছাই করা ৩০০ শিক্ষার্থী জাতীয় পর্যায়ের দ্বিতীয় রাউন্ডে অংশ নেবে। ক্লোজড ক্যাম্প শেষে লিখিত পরীক্ষার ভিত্তিতে প্রথম পাঁচজনকে আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বাছাই করা হবে। তারা ২০ থেকে ২৭ সেপ্টেম্বর রাশিয়ায় ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড এবং পরে আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি ও এশিয়ান-প্যাসিফিক অলিম্পিয়াডে অংশ নেবে।
প্রতিযোগিতায় অংশ নিতে ১৪-১৫ বছর বয়সীরা জুনিয়র গ্রুপে এবং ১৬-১৮ বছর বয়সীরা সিনিয়র গ্রুপে নিবন্ধন করতে পারবে। নিবন্ধন ফি ১০০ টাকা, যা বিকাশের মাধ্যমে ০১৯১৫-৬৫৩৬০৭ নম্বরে পাঠাতে হবে।
এবারো আয়োজনের টাইটেল স্পন্সর এপেক্স। সহযোগিতা করছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এডিএন টেলিকম, কেদারপুর টি স্টেট ও ওয়াচেস ওয়ার্ল্ড। মিডিয়া সহযোগী হিসেবে রয়েছে প্রথম আলো, দুরন্ত টিভি, চ্যানেল আই, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ও রাশিয়ান হাউস ইন ঢাকা। —বিজ্ঞপ্তি










