মানুষের জন্য ‘সাশ্রয়ী মূল্যের ওষুধ’ নিশ্চিতের দাবিতে সচেতনতামূলক ক্যাম্পেইন চালু করেছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের (ইউএপি) ব্যবসায় শিক্ষা বিভাগের ইনজিনিয়াস মার্কেটিং ক্লাব। বাংলাদেশে ওষুধের ক্রমবর্ধমান দাম ও স্বাস্থ্যসেবা নাগালের বাইরে চলে যাওয়ার শঙ্কা তুলে ধরাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

রোববার (২৪ আগস্ট) ইউএপি প্লাজায় এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কামরুল আহসান। এ সময় ছিলেন উপাচার্যের উপদেষ্টা অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া এবং স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক ড. এম. এ. বাকী খলিলী।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, সাশ্রয়ী মূল্যের ওষুধের অধিকার শুধু অর্থনৈতিক নয়, এটি মৌলিক অধিকার। শিক্ষার্থীরা বিপণনের দক্ষতা ব্যবহার করে সমাজে সচেতনতা তৈরি করছে, যা প্রশংসনীয়।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ প্রচারণায় ৬০টিরও বেশি দল নিবন্ধন করে। এর মধ্যে ৪০টির বেশি দল প্রস্তাব জমা দেয়। সেখান থেকে বাছাই করা আটটি দল চূড়ান্ত পর্বে প্রতিযোগিতা করে। তারা ইন্টারেক্টিভ স্টল, উপস্থাপনা ও লাইভ প্রদর্শনীর মাধ্যমে তাদের ধারণা তুলে ধরে।

ড. এম এ বাকী খলিলী বলেন, শিক্ষার্থীরা প্রমাণ করেছে, বিপণন শুধু মুনাফার জন্য নয়, সামাজিক দায়িত্ব পালনের মাধ্যমও হতে পারে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারপারসন স্থপতি মাহবুবা হক। তিনি বলেন, ওষুধের ক্রয়ক্ষমতা প্রতিটি পরিবারের জীবনের সঙ্গে জড়িত। শিক্ষার্থীরা এ বিষয়ে সচেতনতা তৈরিতে প্রশংসনীয় ভূমিকা রেখেছে। সমাজের কল্যাণে তাদের জ্ঞান ও দক্ষতা কাজে লাগাতে উৎসাহিত করেন তিনি।

এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যবসায় শিক্ষা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক সারওয়ার রাজ্জাক চৌধুরী, অধ্যাপক ড. শামসাদ আহমেদসহ অনুষদের অন্যান্য শিক্ষকরা। শেষে সৃজনশীলতা ও প্রভাবের ভিত্তিতে সেরা তিনটি দলকে পুরস্কৃত করা হয়।

—বিজ্ঞপ্তি