জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের বিশ্ববিদ্যালয়ের নাম ও পরিচিতিসংবলিত কো-ব্র্যান্ডেড মাস্টার ডেবিট কার্ড সেবা দেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। সম্প্রতি জবিতে উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীনের উপস্থিতিতে প্রতিষ্ঠান দুটির মধ্যে এ-সংক্রান্ত সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়। এ অংশীদারত্বের আওতায় কার্ডধারীদের ডিজিটাল ব্যাংকিংয়ের পাশাপাশি ফি-ফ্রি সেবা ও শিক্ষার্থীদের বিশেষ সুবিধা দেয়া হবে। ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. জহিরুল ইসলাম ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এমওইউতে স্বাক্ষর করেন।
ইসলামী ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, চুক্তির আওতায় জবির শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের জন্য কো-ব্র্যান্ডেড মাস্টার ডেবিট কার্ড ইস্যু করা হবে। কার্ডধারীরা ব্যাংকের ডিজিটাল আর্থিক সেবা প্লাটফর্ম ‘সেলফিন’, পয়েন্ট অব সেলস (পিওএস) ও কিউআর পেমেন্ট সেবা এবং এটিএম ও ক্যাশ রিসাইক্লিং মেশিন (সিআরএম) নেটওয়ার্কসহ বিভিন্ন আধুনিক ব্যাংকিং সুবিধা ব্যবহার করতে পারবেন।
অন্যদিকে সংশ্লিষ্টদের জন্য এ উদ্যোগের আওতায় বিভিন্ন ফি-ফ্রি সুবিধা দেয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের জন্য থাকবে বিশেষ সুবিধা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আর্থিক সাক্ষরতা বাড়াতে বিভিন্ন কর্মসূচিও আয়োজন করা হবে। এর মাধ্যমে ডিজিটাল লেনদেন ও আধুনিক ব্যাংকিং সেবার ব্যবহার বাড়বে বলে আশা করছে ব্যাংক কর্তৃপক্ষ। এছাড়া ভবিষ্যতে প্রয়োজন অনুযায়ী মাস্টারকার্ডের পাশাপাশি ভিসা, ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেসসহ (ইউপিআই) অন্যান্য কার্ড স্কিমের সঙ্গেও সেবা গ্রহণের সুযোগ রাখা হয়েছে এ কার্ডে।









