দীর্ঘ সাড়ে তিন মাস বন্ধ থাকার পর গতকাল সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। ভারত সরকার পেঁয়াজ রফতানির ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করার পর গতকাল দুপুর থেকে ভোমরা বন্দর দিয়ে এ মসলাজাত পণ্যটি পুনরায় আমদানি শুরু হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত গতকাল ভোমরা বন্দরে নয় ট্রাক পেঁয়াজ প্রবেশ করে।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট মা ট্রেডার্সের স্বত্বাধিকারী সাগর হোসেন স্বস্তি প্রকাশ করে বলেন, তার প্রতিষ্ঠানের মাধ্যমে গতকাল সাতক্ষীরার পেঁয়াজ আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স বাবা লোকনাথ এন্টারপ্রাইজ তিন ট্রাক পেঁয়াজ আমদানি করেছে। দীর্ঘ সাড়ে তিন মাস পর পুনরায় তার এজেন্টের মাধ্যমে পেঁয়াজ আমদানি শুরু হলো বলে জানান তিনি।

ভোমরা স্থলবন্দরের রাজস্ব কর্মকর্তা আকবর আলী জানান, ভারত থেকে ভোমরা বন্দর দিয়ে বাংলাদেশে গতকাল দুপুর থেকে এ রিপোর্ট লেখা পর্যন্ত ৯ ট্রাক পেঁয়াজ আমদানি হয়েছে।

এর আগে গত ১৪ সেপ্টেম্বর ভারত সরকার পেয়াজ রফতানি বন্ধ করে দেয়। এতে অস্থির হয়ে পড়ে বাংলাদেশের পেঁয়াজের বাজার। দাম বেড়ে খুচরা বাজারে প্রতি কেজি পেয়াজ ১২০-১৩০ টাকায় বিক্রি হতে থাকে। টানা সাড়ে তিন মাস বন্ধ থাকার পর ২৯ ডিসেম্বর পেয়াজ রফতানির ওর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয় ভারত। এরপর পুনরায় ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে।

ভোমরা শুল্ক স্টেশনের দায়িত্বরত কাস্টমসের বিভাগীয় সহকারী কমিশনার আমীর মামুন বণিক বার্তাকে জানান, গতকাল থেকে এ বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। তবে যেহেতু কৃষিপণ্য, এতে সরকারের রাজস্ব আসে না।